তোলাবাজির টাকা না পেয়ে দাদু-নাতিকে বেধড়ক মারধর, আশঙ্কাজনক অবস্থায় নাবালক-হাড়োয়ায় চাঞ্চল্য
হাড়োয়া: তোলাবাজির টাকা না পেয়ে দাদু ও নাতিকে বেধড়ক মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার অন্তর্গত গোপালপুর এলাকায়।
আক্রান্ত নাবালক জিসান মণ্ডল এবং তাঁর দাদু জোহর আলি মণ্ডল। অভিযোগ, এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়েছে। ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত তোলা আদায় করা হচ্ছে। টাকা না দিলে মারধর ও হুমকির অভিযোগও রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি রঙের দোকানে তোলা আদায় করতে যায় দুষ্কৃতীরা। সেই সময় দোকানের মালিক উপস্থিত না থাকায় তাঁর নাবালক নাতির কাছেই টাকা দাবি করা হয়। টাকা না পেয়ে ওই নাবালককে এলোপাথাড়ি মারধর করা হয় এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় রক্তাক্ত হয়ে পড়ে সে।
নাতিকে বাঁচাতে গেলে দাদু জোহর আলি মণ্ডলকেও মারধর করা হয়। অভিযোগ, মারধরের পর ক্যাশবাক্স থেকে লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে নাবালকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বসিরহাট জেলা হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসকদের মতে, মাথায় গুরুতর আঘাত লাগায় তার অবস্থা আশঙ্কাজনক।
এই ঘটনায় হাড়োয়া থানায় ছয় জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্তদের পরিবার। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ