ঝাড়গ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারে ধাক্কায় ট্রাকচালকের মৃত্যু, সংকটজনক খালাসি

Feb 22, 2026 - 14:38
 12
ঝাড়গ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারে ধাক্কায় ট্রাকচালকের মৃত্যু, সংকটজনক খালাসি

ঝাড়গ্রাম: ফের মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটল ঝাড়গ্রামে। চন্দ্রী বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে একটি দ্রুতগতির ট্রাক। ঘটনায় মৃত্যু হয়েছে ট্রাকচালকের, গুরুতর আহত খালাসি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তার ধারে একটি ডাম্পার দাঁড়িয়ে ছিল। সেই সময় পিছন দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। কেবিনের ভিতরেই আটকে পড়েন চালক ও খালাসি।

দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। দীর্ঘক্ষণ চেষ্টার পর গাড়ির ভেতর থেকে দু’জনকে উদ্ধার করা হয়। দ্রুত তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ট্রাকচালককে মৃত বলে ঘোষণা করেন। আহত খালাসির অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

ঘটনার জেরে কিছু সময়ের জন্য এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে।