গড়িয়ায় ফ্ল্যাট থেকে মহিলার দেহ উদ্ধার, নিখোঁজ অধ্যাপক স্বামী-চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনায়

Apr 27, 2026 - 14:51
 19
গড়িয়ায় ফ্ল্যাট থেকে মহিলার দেহ উদ্ধার, নিখোঁজ অধ্যাপক স্বামী-চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনায়

গড়িয়া: দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার গড়িয়া স্টেশন সংলগ্ন একটি আবাসনে চাঞ্চল্যকর ঘটনায় উদ্ধার হল এক মহিলার নিথর দেহ। ঘটনার পর থেকেই নিখোঁজ তাঁর অধ্যাপক স্বামী, যা ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আবাসনের দ্বিতীয় তলায় স্বামী সৌমিক দাস, স্ত্রী এনাক্ষী দাস এবং তাঁদের অসুস্থ ৮ বছরের সন্তান থাকতেন। প্রতিবেশীদের সঙ্গে খুব বেশি মেলামেশা ছিল না তাঁদের। প্রায় চার বছর আগে ওই ফ্ল্যাটে ওঠেন তাঁরা।

রবিবার সকালে কাজের মহিলা রিঙ্কু অধিকারী ফ্ল্যাটে এসে বারবার ডাকাডাকি করেও কোনও সাড়া পাননি। আগের রাত থেকেও যোগাযোগ করা যায়নি বলে জানা যায়। সন্দেহ হওয়ায় এক প্রতিবেশীর কাছ থেকে চাবি নিয়ে দরজা খুলে ভিতরে ঢুকতেই সামনে আসে ভয়াবহ দৃশ্য-একদিকে ঘুমিয়ে অসুস্থ শিশু, অন্যদিকে বিছানার উপর মশারির ভিতরে পড়ে রয়েছে এনাক্ষী দাসের নিথর দেহ। তবে স্বামী সৌমিক দাসের কোনও খোঁজ মেলেনি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকেই পলাতক স্বামী সৌমিক দাসের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। কীভাবে এই মৃত্যু ঘটল, তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।