কাল বিয়ে, আজ শ্মশানের নীরবতা—শান্তিপুরে ১৯ বছরের তরুণীর রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

Mar 10, 2026 - 07:57
 16
কাল বিয়ে, আজ শ্মশানের নীরবতা—শান্তিপুরে ১৯ বছরের তরুণীর রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

নদিয়া: কাল বিয়ের সানাই বাজার কথা ছিল, কিন্তু তার আগেই নেমে এল শোকের ছায়া। নদিয়ার শান্তিপুরে এক ১৯ বছরের তরুণীর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতার নাম শিলা বিশ্বাস।

ঘটনাটি ঘটেছে শান্তিপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের চর সারাগড় এলাকায়। স্থানীয় বাসিন্দা নিমাই বিশ্বাসের মেয়ে শিলা পড়াশোনার পাশাপাশি প্রতিবেশী যুবক বাপন বিশ্বাসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ের সিদ্ধান্ত হয় এবং রবিবারই ছিল তাদের বিবাহের দিন।

পরিবার সূত্রে জানা যায়, বিয়ের প্রস্তুতি জোরকদমে চলছিল। শনিবার সন্ধ্যায় হবু স্বামীর সঙ্গে কেনাকাটা করেও বাড়ি ফেরেন শিলা। পরিবারের দাবি, রাত পর্যন্ত সবকিছুই স্বাভাবিক ছিল। কিন্তু রবিবার সকালে হঠাৎই বাড়িতে শিলাকে অচৈতন্য অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।

মেয়ের ওই অবস্থা দেখে ভেঙে পড়েন বাবা নিমাই বিশ্বাস। দ্রুত তাঁকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায়। কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দুই পরিবারই এই ঘটনার কারণ সম্পর্কে কিছুই বুঝে উঠতে পারছে না।

সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।