ইসিএলের হাইড্রা গাড়ির ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর, মৃতদেহ রেখে বিক্ষোভ স্থানীয়দের

May 21, 2026 - 13:02
 6
ইসিএলের হাইড্রা গাড়ির ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর, মৃতদেহ রেখে বিক্ষোভ স্থানীয়দের

পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার সালানপুর থানার অন্তর্গত ফুলবেড়িয়া হনুমান মন্দির ট্রান্সপোর্ট রোড এলাকায় ইসিএলের একটি হাইড্রা গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মঙ্গল বাউরি (৩৫)। তিনি জেমারি গ্রামের বাসিন্দা হলেও ঘরজামাই হিসেবে ফুলবেড়িয়া গ্রামেই বসবাস করতেন। পরিবারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

স্থানীয়দের দাবি, প্রতিদিনের মতো বুধবার সকালেও তিনি সাইকেলে করে একটি বেসরকারি কারখানায় কাজে যাচ্ছিলেন। মাঝপথে সাইকেল খারাপ হয়ে যাওয়ায় তিনি বাড়ির দিকে ফিরছিলেন। সেই সময় ফুলবেড়িয়া হনুমান মন্দিরের কাছে একটি ইসিএলের হাইড্রা গাড়ি (WB 38 AS 5568) তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার পর গাড়ির চালক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। এরপর ক্ষুব্ধ স্থানীয়রা ঘাতক গাড়িটিকে আটক করে মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভে সামিল হন। তাঁদের দাবি, মৃতের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় প্রশাসন।

স্থানীয়দের অভিযোগ, এর আগেও ওই এলাকায় একাধিক দুর্ঘটনা ঘটেছে। তাঁদের দাবি, ইসিএলের গাফিলতি এবং নিরাপত্তার অভাবের কারণেই বারবার এমন দুর্ঘটনা ঘটছে। অভিযোগ উঠেছে, বহু ক্ষেত্রে ডাম্পার ও ভারী যানবাহন দক্ষ চালকের বদলে খালাসিদের দিয়ে চালানো হয়, যার ফলেই দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

যদিও পুরো ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত Eastern Coalfields Limited বা ইসিএলের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।