অন্নপূর্ণা যোজনায় 'স্বজনপোষণ'! নাম বাদ পড়ায় নামখানা বিডিও অফিসে মহিলাদের বিক্ষোভ

Jul 7, 2026 - 20:05
 18
অন্নপূর্ণা যোজনায় 'স্বজনপোষণ'! নাম বাদ পড়ায় নামখানা বিডিও অফিসে মহিলাদের বিক্ষোভ

অমিত মণ্ডল, নামখানা:

সরকারি প্রকল্পে প্রকৃত গরিবদের বঞ্চনা এবং স্বজনপোষণের মারাত্মক অভিযোগ! 'অন্নপূর্ণা যোজনা' প্রকল্প থেকে অন্যায়ভাবে নাম বাদ পড়ার প্রতিবাদে মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার নামখানা বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন মহিলারা। বিডিও অফিসের মূল গেটের সামনে বিক্ষোভে সামিল হন এলাকার মহিলারা।

বিক্ষোভকারী মহিলাদের চাঞ্চল্যকর অভিযোগ, সরকারি স্তরে পক্ষপাতিত্ব চলছে। যে সমস্ত মহিলারা চাকরি করেন বা অঙ্গনওয়াড়ি কর্মীর মতো সরকারি পদে রয়েছেন, তাঁদের একাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকছে। অথচ যাঁরা প্রকৃত যোগ্য প্রাপক, তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে!

বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি, অবিলম্বে সমস্ত যোগ্য উপভোক্তাদের নাম নতুন তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এবং বকেয়া তিন মাসের অর্থ একসঙ্গে দিতে হবে। দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নামখানা থানার বিশাল পুলিশ বাহিনী। শেষমেশ পুলিশের হস্তক্ষেপে এবং আশ্বাসে দীর্ঘক্ষণ পর বিক্ষোভ প্রত্যাহার করে নেন মহিলারা।