টলিপাড়ায় শোকের ছায়া, জলে ডুবে প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়
টলিপাড়ায় নেমে এল শোকের ছায়া। প্রয়াত জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রবিবার শুটিং চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর। বয়স হয়েছিল ৪৩ বছর।
জানা গিয়েছে, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে তালসারিতে গিয়েছিলেন তিনি। শুটিং শেষে জলে নামার পর হঠাৎই তলিয়ে যান অভিনেতা। কিছুক্ষণ পরে টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করেন। প্রাথমিকভাবে অনুমান, জলে ডুবে মৃত্যুই হয়েছে। সন্ধ্যা নাগাদ তাঁকে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, তার আগেই তাঁর মৃত্যু হয় বলে খবর। ময়নাতদন্ত দিঘা হাসপাতালেই হওয়ার কথা।
ধারাবাহিকে তাঁর সহ-অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, শুটিং শেষের পর ঘটনাটি ঘটে। তাঁর কথায়, “জলে ডুবে মৃত্যু হয়েছে ওঁর। ঠিক কীভাবে ঘটল, তা এখনও স্পষ্ট নয়।”
আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে দিগন্ত বাগচী জানান, শুটিংয়ের পর জলে নামেন রাহুল। হঠাৎই টেকনিশিয়ানরা চিৎকার করে জানান তিনি ডুবে যাচ্ছেন। উদ্ধার করার সময় তিনি জীবিত ছিলেন বলেই দাবি, তবে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, চিরদিনই তুমি যে আমার ছবির মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন রাহুল। সেই ছবিতেই তাঁর সহ-অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার-এর সঙ্গে জুটি বাঁধেন, পরে যাঁর সঙ্গে তাঁর বিবাহ হয়। তাঁদের একটি পুত্রসন্তানও রয়েছে।
সাম্প্রতিক সময়ে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিক ছাড়াও ‘ঠাকুমার ঝুলি’ ওয়েব সিরিজ়ে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ টলিউড।