দেবের শুটিং কভার করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে বচসা, আচরণ ঘিরে বিতর্ক
আলিপুরদুয়ার জেলা: ডুয়ার্সে অভিনেতা দেব-এর শুটিং ঘিরে সাংবাদিকদের সঙ্গে শুটিং ইউনিটের একাংশের বচসার ঘটনা সামনে এসেছে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মহলে চর্চা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুটিং চলাকালীন সংবাদ সংগ্রহ করতে গেলে কয়েকজন সাংবাদিককে প্রথমে নির্দিষ্ট দূরত্বে থাকতে বলা হয়। এরপর কথাকাটাকাটির পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, ইউনিটের এক মহিলা সদস্য সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশ্যে কড়া ভাষায় মন্তব্য করেন, যা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে সাংবাদিক মহলে।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন স্থানীয় সংবাদকর্মী। তাঁদের বক্তব্য, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েই এমন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে।
তবে শুটিং ইউনিট বা অভিনেতা দেবের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া মেলেনি। গোটা বিষয়টি নিয়ে দুই পক্ষের বক্তব্য জানার চেষ্টা চলছে।