সরকারি কর্মচারীদের তথ্য প্রচার ও সংবাদমাধ্যমে অংশগ্রহণ নিয়ে কড়া নির্দেশিকা
পশ্চিমবঙ্গ সরকারের অধীন কর্মরত অল ইন্ডিয়া সার্ভিস (AIS), পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস, পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস সহ অন্যান্য সরকারি কর্মচারীদের তথ্য প্রচার ও সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ সংক্রান্ত বিষয়ে ফের কড়া নির্দেশিকা জারি করা হয়েছে।
অল ইন্ডিয়া সার্ভিসেস (AIS) কন্ডাক্ট রুলস, ১৯৬৮, পশ্চিমবঙ্গ সার্ভিস (সরকারি কর্মচারীদের কর্তব্য, অধিকার ও বাধ্যবাধকতা) বিধি, ১৯৮০ এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী আচরণবিধি, ১৯৫৯ অনুযায়ী সরকারি কর্মচারীদের আচরণ নিয়ন্ত্রিত হয়। এই বিধিগুলিতে সংবাদমাধ্যম বা প্রেসের সঙ্গে সরকারি কর্মচারীদের যোগাযোগের প্রকৃতি ও সীমাবদ্ধতা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত দপ্তরের কর্মচারী, পুলিশ ও জেল বিভাগের কর্মী, স্বশাসিত সংস্থা, বোর্ড, কর্পোরেশন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি আর্থিক সহায়তাপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের কঠোরভাবে এই নির্দেশিকা মেনে চলতে হবে। নির্দেশিকায় বলা হয়েছে, সরকারের পূর্বানুমতি ছাড়া কোনও কর্মচারী কোনও স্পনসরড বা বেসরকারি মিডিয়া প্রোগ্রামে অংশগ্রহণ বা যুক্ত থাকতে পারবেন না। এমনকি ভারত সরকার কর্তৃক স্পনসরড হলেও যদি অনুষ্ঠানটি কোনও বহিরাগত সংস্থা দ্বারা প্রযোজিত হয়, তাহলেও আগাম অনুমতি নেওয়া বাধ্যতামূলক।
এছাড়াও সরকারি নির্দেশ ছাড়া কোনও কর্মচারী সরাসরি বা পরোক্ষভাবে প্রেস বা সংবাদমাধ্যমের কাছে কোনও সরকারি নথি, তথ্য বা অভ্যন্তরীণ বিষয় প্রকাশ বা সরবরাহ করতে পারবেন না বলেও স্পষ্ট জানানো হয়েছে। একই সঙ্গে সরকারের পূর্বানুমতি ছাড়া কোনও কর্মচারী সংবাদপত্র, সাময়িকী বা অন্য কোনও প্রকাশনার সম্পাদনা বা পরিচালনার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। পাশাপাশি রেডিও সম্প্রচার, সংবাদপত্র বা সাময়িকীতে প্রবন্ধ, মতামত বা চিঠি লেখার ক্ষেত্রেও বিধিনিষেধ বহাল থাকবে।
সরকারি মহলের মতে, প্রশাসনিক গোপনীয়তা রক্ষা, সরকারি তথ্যের অপব্যবহার রোধ এবং কর্মচারীদের নিরপেক্ষতা বজায় রাখতেই এই নির্দেশিকাগুলি পুনরায় জারি করা হয়েছে।