মাংসের দোকানে রক্তাক্ত হামলা! প্রাক্তন নেভি কর্মীর পেটে চপার ঢুকিয়ে দিল যুবক
নিজস্ব সংবাদদাতা, বারাকপুর:
মাংস কিনতে এসে ভয়াবহ হামলার শিকার হলেন এক প্রাক্তন নেভি কর্মী। বারাকপুর–কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে মোহনপুর মোড়ে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
জানা গিয়েছে, দীপঙ্কর সরকার (৬০), পেশায় প্রাক্তন নৌসেনা কর্মী, মোহনপুর এলাকার একটি মাংসের দোকানে কেনাকাটা করতে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় হঠাৎই শ্যাম পাসওয়ান (২৫) নামে এক যুবক সেখানে এসে কোনও রকম বাগ্বিতণ্ডা ছাড়াই মাংস কাটার চপার দিয়ে দীপঙ্করবাবুর পেটে সজোরে আঘাত করে।
হামলার জেরে গুরুতর জখম হন দীপঙ্করবাবু। প্রত্যক্ষদর্শীদের দাবি, আঘাত এতটাই গুরুতর ছিল যে তাঁর পেটের একটি অংশ বাইরে বেরিয়ে আসে। রক্তাক্ত অবস্থায় দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে বারাকপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
ঘটনার পরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মোহনপুর থানার পুলিশ। অভিযুক্ত যুবককে খোঁজার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়।