ব্যবসায়ী সমিতির অফিস দখল ঘিরে উত্তেজনা, মারধরের অভিযোগে তপ্ত দুর্গাপুর বাজার

May 25, 2026 - 13:21
 7
ব্যবসায়ী সমিতির অফিস দখল ঘিরে উত্তেজনা, মারধরের অভিযোগে তপ্ত দুর্গাপুর বাজার

দুর্গাপুর: ব্যবসায়ী সমিতির

অফিস দখলকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল দুর্গাপুর বাজার এলাকায়। দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদককে মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় কোকওভেন থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। উত্তেজনা বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনীকে মৃদু লাঠিচার্জও করতে হয়।

ব্যবসায়ী সমিতির সদস্যদের

অভিযোগ, আচমকাই একদল বিজেপি কর্মী-সমর্থক সমিতির অফিস দখলের উদ্দেশ্যে জড়ো হয়। ব্যবসায়ীরা প্রতিবাদ জানালে তাঁদের উপর চড়াও হওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় বাজার এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এরপর দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়, অভিযুক্তদের গ্রেফতার না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে দুর্গাপুরের সেন মার্কেট।

দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাগর সাহা বলেন, "বিজেপিকে আমরা ভোট দিয়ে নিয়ে এলাম। এখন ওরাই আমাদের উপর প্রভাব খাটাচ্ছে। যদি সম্পাদকের উপর হামলা হতে পারে, তাহলে সাধারণ ব্যবসায়ীরাও নিরাপদ নন। বাজার ব্যবসায়ী সমিতি কোনও রাজনৈতিক সংগঠন নয়। সব দলের মানুষ এখানে রয়েছেন। তাহলে কেন এই হামলা হল, তার জবাব চাই। যতক্ষণ না এর বিহিত হচ্ছে, ততক্ষণ বন্ধ থাকবে সেন মার্কেট।"

অন্যদিকে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোরুই পাল্টা দাবি করেন, "এই ধরনের ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। কিছু তৃণমূলের লোক রাতারাতি বিজেপিতে এসে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। আমি পুলিশকে বিষয়টি তদন্ত করে দেখার আবেদন করেছি। আমিও সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে যাব। কী ঘটেছে তা খতিয়ে দেখে পুলিশ নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে বাজার যাতে বন্ধ না থাকে, সেই আবেদনও ব্যবসায়ী সমিতির কাছে জানাব।"

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরের পাশাপাশি গোটা দুর্গাপুর বাজার এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বজায় রয়েছে।