বন্দে ভারতের খাবারে পোকা, সরবরাহকারী সংস্থাকে ৫০ লক্ষ টাকা জরিমানা করল রেল

Mar 27, 2026 - 10:36
 18
বন্দে ভারতের খাবারে পোকা, সরবরাহকারী সংস্থাকে ৫০ লক্ষ টাকা জরিমানা করল রেল

ফের বন্দে ভারতের খাবার নিয়ে উঠল অভিযোগ। এবার অভিযোগ উঠেছে পটনা-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেসে। এক যাত্রীর অভিযোগ, খাবারের সঙ্গে যে দই দেওয়া হয়েছিল তার মধ্যে পোকা মিলেছে।জানা গিয়েছে, ঘটনাটি ১৫ মার্চের। পটনা-টাটানগর বন্দে ভারতের সাত জন যাত্রী একই অভিযোগ করেন। তাঁদের অভিযোগ ছিল, দইয়ের মধ্যে পোকা হেঁটে বেড়াচ্ছিল। খাবারের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে তার পরই রেল মন্ত্রককে গোটা ঘটনাটি জানান এক যাত্রী। সেই অভিযোগ পাওয়ার পরই তৎপর হয় রেল। আইআরসিটিসির রিপোর্টে উল্লেখ করা হয়েছে, প্যাকেটজাত যে দই যাত্রীদের পরিবেশন করা হয়েছে, সেগুলি পটনা থেকে নেওয়া হয়েছিল। প্যাকেজিংয়ের তারিখ ছিল ৯ মার্চ, ২০২৬। মেয়াদ শেষ হওয়ার তারিখ ছিল ৭ এপ্রিল, ২০২৬।যাত্রীর অভিযোগ পেয়েই রেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ২১৮৯৬ পটনা-টাটানগর বন্দে ভারতে খাবার নিয়ে অভিযোগ তুলেছেন এক যাত্রী। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তার পরই খাবার সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করল রেল। খাবার সরবরাহকারী ওই সংস্থার চুক্তি বাতিল করা হয়েছে। শুধু তা-ই নয়, জরিমানা করা হয়েছে ৫০ লক্ষ টাকা। এ ছাড়াও আইআরসিটিসি-কেও ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আইআরসিটিসিকে নির্দেশ দেওয়া হয়েছে, এই ধরনের ঘটনা যেন আগামী দিনে না ঘটে, কড়া নজরদারি চালাতে হবে। খাবারের মান, খাদ্য সুরক্ষার বিষয়েও নজর দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।