পার্ক সার্কাসে ট্র্যাফিক পুলিশদের গরমের কিট, রবিবারের ঘটনায় আরও ৪ গ্রেপ্তার
কলকাতা শহরে ট্র্যাফিক পুলিশের কাজের ভূয়সী প্রশংসা করলেন নগরপাল অজয় নন্দ। বুধবার পার্ক সার্কাস সেভেন পয়েন্ট এলাকায় পুলিশ কর্মীদের হাতে গরমের বিশেষ কিট তুলে দেন তিনি। পাশাপাশি রবিবারের ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান নগরপাল। সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অজয় নন্দ বলেন, প্রচণ্ড গরমের মধ্যেও কলকাতা ট্র্যাফিক পুলিশ যেভাবে দায়িত্ব পালন করছে তা সত্যিই প্রশংসনীয়। গরমের কথা মাথায় রেখে পুলিশ কর্মীদের পোশাকে কিছু পরিবর্তন আনা হয়েছে। এছাড়াও সার্জেন্টদের ডিউটির সময়ও দু'ঘণ্টা কমানো হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীর উৎসাহ ও সমর্থনে পুলিশ কর্মীদের মনোবল অনেকটাই বেড়েছে। হেলমেট সংক্রান্ত ট্র্যাফিক অভিযান আগের মতোই চলবে বলেও স্পষ্ট করেন নগরপাল।
বিশেষ করে পার্ক সার্কাস এবং রাজাবাজার এলাকায় বাড়তি সতর্কতা রাখা হচ্ছে বলে জানান তিনি। রবিবার পার্ক সার্কাসে ঘটে যাওয়া ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আরও কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
নগরপালের কথায়, "মানুষের জন্যই আমরা আছি।"