দমদমে মহিলা ব্যবসায়ীর সঙ্গে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ, ঘটনাস্থলে বিধায়ক অরিজিৎ বক্সী

May 26, 2026 - 14:09
 14
দমদমে মহিলা ব্যবসায়ীর সঙ্গে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ, ঘটনাস্থলে বিধায়ক অরিজিৎ বক্সী

দমদম রোডে এক মহিলা ব্যবসায়ীর সঙ্গে শ্লীলতাহানি, মারধর ও হুমকির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনার খবর পেয়ে এদিন ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বিধায়ক অরিজিৎ বক্সী। তিনি দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া বার্তা দেন এবং নারী নির্যাতনের বিরুদ্ধে সরব হন।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে দমদম রোডের উপর একটি ফাস্টফুডের দোকান চালিয়ে সংসার নির্বাহ করছিলেন ওই মহিলা ব্যবসায়ী। অসুস্থতার কারণে গত কয়েকদিন তিনি দোকানে যেতে পারেননি। অভিযোগ, এরপর তিনি দোকানে গিয়ে দেখেন তার দোকানের একাংশ দখল হয়ে গিয়েছে।

এই ঘটনার প্রতিবাদ করতে গেলে অভিযুক্তরা নিজেদের বিজেপি কর্মী পরিচয় দিয়ে তাঁর ওপর চড়াও হয় বলে অভিযোগ। মহিলার দাবি, তাঁকে মারধর করা হয় এবং দুই ব্যক্তি শ্লীলতাহানিও করে। ঘটনায় আতঙ্কিত হয়ে তিনি স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকে তাঁকে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয় এবং প্রয়োজনীয় সহযোগিতাও করা হয় বলে জানা গিয়েছে।

পরবর্তীতে ওই মহিলা নাগেরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ এবং অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সোমবার ধৃতদের আদালতে তোলা হয়।

ঘটনার খবর পেয়ে এদিন মহিলা ব্যবসায়ীর সঙ্গে দেখা করেন স্থানীয় বিধায়ক অরিজিৎ বক্সী। তিনি গোটা ঘটনার তীব্র নিন্দা করে বলেন, "মহিলাদের উপর কোনও ধরনের নির্যাতন বরদাস্ত করা হবে না। এই ধরনের ঘটনা আর যেন না ঘটে, সেই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া হবে।"

একইসঙ্গে তিনি আরও জানান, কোনও ব্যবসা জোরজবরদস্তি করে দখল করা বা কাউকে ভয় দেখিয়ে ব্যবসা করতে বাধা দেওয়া মেনে নেওয়া হবে না। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।