কোচবিহারে আবাস যোজনার টাকা নিয়ে 'কাটমানি' অভিযোগে বিক্ষোভ, অঞ্চল অফিস ঘেরাও

May 26, 2026 - 14:30
 4
কোচবিহারে আবাস যোজনার টাকা নিয়ে 'কাটমানি' অভিযোগে বিক্ষোভ, অঞ্চল অফিস ঘেরাও

কোচবিহারের গুড়িয়াহাটি ২ নম্বর অঞ্চল অফিসের সামনে আবাস যোজনার টাকা নিয়ে দুর্নীতি ও 'কাটমানি' নেওয়ার অভিযোগে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকার বাসিন্দারা। অভিযোগ, আবাস প্রকল্পের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢোকার পর বিভিন্ন অঙ্কের টাকা ঘর করে দেওয়ার নামে আদায় করা হয়েছে।

স্থানীয়দের দাবি, কারও কাছ থেকে ১০ হাজার, কারও কাছ থেকে ১৫ হাজার, আবার কারও কাছ থেকে ২ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। এই অভিযোেগ সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার সাধারণ মানুষ।

এদিন বহু বাসিন্দা অঞ্চল অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। পাশাপাশি যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, সেই সমস্ত টাকা সুদ-সহ ফেরত দেওয়ার দাবিও জানান বিক্ষোভকারীরা।

এক বাসিন্দার অভিযোগ, "আমার নাম আবাস যোজনার তালিকায় ছিল। কিন্তু টাকা দিতে রাজি না হওয়ায় পরে আমার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।"

বর্তমানে ওই অঞ্চলে তৃণমূল পরিচালিত বোর্ড রয়েছে। যদিও এই অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট অঞ্চলের প্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন সুইচ অফ পাওয়া যায় বলে জানা গিয়েছে।

অন্যদিকে, বিক্ষোভকারীরা জানিয়েছেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই এলাকার সচিবের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। প্রয়োজনে প্রশাসনের উচ্চস্তরেও তাঁরা অভিযোগ জানাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

ঘটনাকে কেন্দ্র করে গোটা কোচবিহার জেলায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।