আবারও স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে ভিড়, বাংলাদেশে ফিরতে জড়ো শতাধিক বাংলাদেশি নাগরিক
হাকিমপুর সীমান্ত এলাকায় ফের ভিড় জমাতে শুরু করেছেন শতাধিক বাংলাদেশি নাগরিক। অভিযোগ, দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে বসবাস করা বহু বাংলাদেশি নাগরিক এবার ফের বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য সীমান্তে জড়ো হয়েছেন।
স্থানীয় সূত্রে খবর, এঁদের অনেকেই ভারতের বিভিন্ন রাজ্য ও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আত্মগোপন করে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ছিলেন। গতকাল রাত থেকেই ফের হাকিমপুর সীমান্ত এলাকায় তাঁদের জড়ো হতে দেখা যায়।
এর আগেও SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর একইভাবে বহু বাংলাদেশি নাগরিক এই সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরে গিয়েছিলেন। কয়েকদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ফের নতুন করে সীমান্তে ভিড় বাড়তে শুরু করেছে বলে জানা গিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বাক্স-পেটরা ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বহু মানুষ সীমান্ত এলাকায় অপেক্ষা করছেন। বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)-এর অনুমতি মিললেই তাঁরা বাংলাদেশে প্রবেশ করবেন বলে জানা গিয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। প্রশাসন ও নিরাপত্তা বাহিনী গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।