হরমুজ পারাপারে ইরানকে শুল্ক দিলেই কঠিন নিষেধাজ্ঞা, হুঁশিয়ারি আমেরিকার
নিরাপদ জলযাত্রার জন্য ইরানকে শুল্ক দিলেই কঠিন নিষেধাজ্ঞা চাপানো হবে, রবিবার আন্তর্জাতিক জাহাজ সংস্থগুলিকে এমনটাই হুমকি দিল আমেরিকা।সংঘর্ষ বিরতির পর থেকে তেহরানের উপর নানা ভাবে আর্থিক চাপ তৈরি করতে চাইছে আমেরিকা। সেই সূত্রেই এবার বৈশ্বিক জাহাজ কোম্পানিগুলিকে হুঁশিয়ারি দিল ট্রাম্প প্রশাসন।এদিন ইউএস অফিস অফ ফরেন অ্যাসেট কন্ট্রোল (ওএফএসি) এক নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে, আগেই মার্কিন নাগরিক ও সংস্থাগুলির উপর ইরানের সরকারি সংস্থাগুলিকে শুল্কপ্রদান নিষিদ্ধ করা হয়েছিল। এবার অন্যরাও ইরানকে অর্থ প্রদান করলে নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারেন। উল্লেখ্য করা হয়েছে, ইরানের বন্দরে যাতায়াতকারী জাহাজগুলির মালিকানা সংস্থাগুলি মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে পারেন।ইরানের সঙ্গে আমেরিকার সংঘাত থামাতে মধ্যস্থতা করছে পাকিস্তান। তাদের মাধ্যমে পাঠানো ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাবটি প্রত্যাখ্যান করে দিয়েছেন ট্রাম্প। জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটন নির্ধারিত সময়ের আগে সেখান থেকে সরবে না। কারণ, তারা চায় না তিন বছর পর আবারও একই ধরনের সমস্যার উদ্ভব হোক। পাশাপাশি তেহরানকে খোঁচা মেরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ”ওদের নেতৃত্ব একেবারে অসংগঠিত। সবাই সমঝোতায় পৌঁছাতে চায়, কিন্তু নিজেদের মধ্যেই চরম বিশৃঙ্খলা।” এই চাপানউতরের মধ্যেই বৈশ্বিক জাহাজ সংস্থাগুলিকে হুঁশিয়ারি দিয়ে রাখল আমেরিকা।