শেখ শাহাজানের ঘনিষ্ঠ কাদের মোল্লা সহ ১০ জন গ্রেফতার, চাঞ্চল্য সন্দেশখালিতে
তৃণমূলের উপপ্রধান তথা শেখ শাহাজানের ঘনিষ্ঠ বলে পরিচিত কাদের মোল্লা সহ মোট ১০ জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাটগাছি গ্রাম পঞ্চায়েত-এর উপপ্রধান কাদের মোল্লার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ভাঙ্গিপাড়া এলাকায় তিন বিজেপি নেতা খুনের ঘটনায় তার নাম জড়ায়। তার বিরুদ্ধেদ্ধ গুলি চালানো ও খুনের অভিযোগও রয়েছে বলে জানা গিয়েছে।
এছাড়াও, শেখ শাহাজানের মদতে ভোট-পরবর্তী হিংসা, এলাকায় সন্ত্রাস, রাহাজানি ও আতঙ্কের পরিবেশ তৈরির অভিযোগও ওঠে কাদের মোল্লার বিরুদ্ধে। প্রথমে স্থানীয় থানার পুলিশ তদন্ত শুরু করলেও পরে মামলার তদন্তভার যায় সিআইডির হাতে। পরবর্তীতে কলকাতা হাইকোর্ট-এর নির্দেশে তদন্তভার নেয় সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। বর্তমানে সেই তদন্ত এখনও চলছে।
এরই মধ্যে কাদের মোল্লা সহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের আগামীকাল বারাসাত আদালত-এ তোলা হবে বলে জানা গিয়েছে।