রাতের শিলিগুড়িতে বিশেষ অভিযানে বিধায়ক ও পুলিশ কমিশনার, অপরাধীদের বিরুদ্ধে কড়া বার্তা

Jun 1, 2026 - 10:57
 6
রাতের শিলিগুড়িতে বিশেষ অভিযানে বিধায়ক ও পুলিশ কমিশনার, অপরাধীদের বিরুদ্ধে কড়া বার্তা

শিলিগুড়ি: শহরে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে শনিবার রাতে সেবক রোডে বিশেষ অভিযান চালাল পুলিশ প্রশাসন। অভিযানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক ড. শংকর ঘোষ, পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা, ডিসিপি কাজী শামসুদ্দিন আহমেদ-সহ একাধিক উচ্চপদস্থ পুলিশ ও প্রশাসনিক আধিকারিক।

ভক্তিনগর থানার সামনে চেকপোস্ট এলাকা থেকে এই বিশেষ কর্মসূচির সূচনা হয়। সেখান থেকে প্রায় দেড় কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিদর্শন করেন বিধায়ক, পুলিশ কমিশনার এবং অন্যান্য আধিকারিকরা। সেবক রোডের একটি নামী শপিং মলের সামনে গিয়ে অভিযান শেষ হয়।

পরিদর্শনের সময় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখা হয়। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি, রাতের নিরাপত্তা ব্যবস্থা এবং ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়গুলিও খতিয়ে দেখেন আধিকারিকরা।

অভিযান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক ড. শংকর ঘোষ বলেন, "বিজেপি সরকার গঠনের আগে 'ভয় আউট, ভরসা ইন'-এর কথা বলেছিল। মানুষ সেই ভরসা রেখেই বিজেপিকে সমর্থন করেছে। তাই কোনও ধরনের অপরাধমূলক কার্যকলাপ বরদাস্ত করা হবে না।"

তিনি জানান, শহরে অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী দিনেও বিভিন্ন এলাকায় এ ধরনের বিশেষ অভিযান চালানো হবে।

অপরাধীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, "আপনাদের জন্য নতুন বার্তা- 'ভয় ইন, ভরসা আউট'। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।"

বিধায়কের এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। প্রশাসনের দাবি, শহরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন এবং ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যেই এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগামী দিনেও শিলিগুড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।