মহিলাকে উত্ত্যক্তের প্রতিবাদ করতেই কোপ! গুরুতর জখম বিজেপি নেতা তথা আইনজীবী

May 25, 2026 - 13:08
 7
মহিলাকে উত্ত্যক্তের প্রতিবাদ করতেই কোপ! গুরুতর জখম বিজেপি নেতা তথা আইনজীবী

মালদা: প্রকাশ্য রাস্তায় এক মহিলাকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতেই বিজেপি নেতা তথা আইনজীবীর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠল। রাস্তায় ফেলে এলোপাথাড়ি কোপ মারা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি নেতা ও আইনজীবী কিরণ সাহা।

রবিবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় মালদার চাঁচল থানার আশাপুর এলাকায়। অভিযুক্তের গ্রেফতারির দাবিতে চাঁচল-আশাপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভদেখান স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে এলাকায় এক মহিলাকে প্রকাশ্যে উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন স্থানীয় বিজেপি নেতা ও আইনজীবী কিরণ সাহা। অভিযোগ, ওই ঘটনায় জড়িত হাবিবুর রহমানের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল।

অভিযোগ, সেই ঘটনার জেরেই রবিবার প্রকাশ্যে কিরণ সাহার উপর চপার নিয়ে হামলা চালানো হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের দ্রুত গ্রেফতারির দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভদেখান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান চাঁচল থানার আইসি জয়দেব ঘোষ। পুলিশের হস্তক্ষেপে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিকে আহত বিজেপি কর্মীকে হাসপাতালে দেখতে যান মালদা জেলা বিজেপির সহ-সভাপতি রতন দাস সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।