কুড়ুরিয়া ডাঙায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বাড়ির আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী

May 24, 2026 - 09:47
 15
কুড়ুরিয়া ডাঙায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বাড়ির আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী

কুড়ুরিয়া ডাঙা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আগুনে একটি বাড়ির আসবাবপত্র, জামাকাপড়-সহ নিত্যপ্রয়োজনীয় বহু সামগ্রী ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ও পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুড়ুরিয়া ডাঙা এলাকার বাসিন্দা পরিমল হালদারের বাড়িতে আচমকাই আগুন লাগে। প্রাথমিক অনুমান, জ্বলন্ত ধূপকাঠি বা প্রদীপ থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। প্রথমে ঘরের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই টালির চালের ফাঁক দিয়ে আগুনের শিখা বের হতে শুরু করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। পাশাপাশি খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মী ও এলাকাবাসীর যৌথ প্রচেষ্টায় দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আগুনে ঘরের আসবাবপত্র, জামাকাপড় ও অন্যান্য মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গিয়েছে। তবে আগুন লাগার সময় বাড়ির ভিতরে কেউ না থাকায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে অসাবধানতাবশত আগুন লাগার সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে।