নেপালে ‘সিভিক সেন্স’ নিয়ে বিতর্ক, ভারতীয় পর্যটককে দিয়ে রাস্তা পরিষ্কার করালেন স্থানীয়রা

Apr 9, 2026 - 23:26
 9

নেপাল: সিভিক সেন্স না মানার অভিযোগে এক ভারতীয় পর্যটককে ঘিরে বিতর্ক ছড়াল সমাজমাধ্যমে। প্রকাশ্যে আসা একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, নেপালের রাস্তায় পিক ফেলায় স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন ওই পর্যটক।

ভিডিও অনুযায়ী, ঘটনাস্থলেই তাঁকে থামিয়ে স্থানীয়রা কড়া ভাষায় আপত্তি জানান এবং ‘এটা ইন্ডিয়া নয়’ বলেও মন্তব্য করেন। পরে তাঁকে দিয়েই রাস্তা পরিষ্কার করানো হয় বলে জানা গিয়েছে।

এই ঘটনার ভিডিও সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাংশের মতে, জনসমক্ষে নোংরা করার বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ প্রয়োজন। অন্যদিকে, কেউ কেউ বিষয়টিকে অপমানজনক বলেও মত প্রকাশ করেছেন।

ঘটনাটি ঘিরে আবারও প্রশ্ন উঠেছে বিদেশে ভারতীয় পর্যটকদের আচরণ ও সিভিক সেন্স নিয়ে।