নিয়োগ দুর্নীতি মামলায় আজ ফের ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে
পুর নিয়োেগ দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু-কে আজ ফের ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে। আজই শেষ হচ্ছে তাঁর ইডি হেফাজতের মেয়াদ। ফলে তদন্তের অগ্রগতি ও পরবর্তী হেফাজতের আবেদন নিয়ে আদালতে গুরুত্বপূর্ণ শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে।
তদন্তকারী সংস্থার অভিযোগ, দক্ষিণ দমদম পুরসভায় প্রায় ১৫০ জনকে বেআইনিভাবে চাকরি দেওয়ার সঙ্গে যুক্ত ছিলেন সুজিত বসু। পাশাপাশি আরও একাধিক পুরসভাতেও প্রভাব খাটিয়ে নিয়োগ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। তদন্তকারীদের দাবি, চাকরির বিনিময়ে নগদ টাকা ও জমি নেওয়া হয়েছে।
ইডি সূত্রে খবর, তদন্তে সুজিত বসুর সঙ্গে যুক্ত একাধিক আর্থিক লেনদেনের তথ্য উঠে এসেছে। বিশেষ করে তাঁর রেস্তোরাঁ ব্যবসার অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা জমা পড়ার বিষয়টি নিয়ে তদন্তকারীরা প্রশ্ন তুলেছেন। অভিযোগ, কয়েক কোটি টাকার লেনদেনের স্পষ্ট হিসাব এখনও পর্যন্ত দিতে পারেননি তিনি।
এই মামলায় ইতিমধ্যেই একাধিক নথি ও আর্থিক তথ্য খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। আজ আদালতে ইডি আরও হেফাজতের আবেদন জানায় কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।