নামখানার হাতানিয়া-দোয়ানিয়া নদীতে দুর্ঘটনা! নৌকার ধাক্কায় ডুব গেল সুন্দরবনের বোট

Jun 23, 2026 - 13:20
 5
নামখানার হাতানিয়া-দোয়ানিয়া নদীতে দুর্ঘটনা! নৌকার ধাক্কায় ডুব গেল সুন্দরবনের বোট

অমিত মণ্ডল, নামখানা: কলকাতার আন্তর্জাতিক যোগ দিবসের মেগা অনুষ্ঠান শেষ করে সুন্দরবনের ক্যানিংয়ে ফেরার পথে নামখানার ঈশ্বরীপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ল ‘মা অজন্তা’ নামের একটি যাত্রীবাহী বড় বোট। স্থানীয় একটি নৌকার ধাক্কায় ডুবে গেল বোটটি। তবে কাছাকাছি থাকা অন্যান্য বোটের তৎপরতায় অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন বোটের চালক ও কর্মীরা। 

লঞ্চ মালিক ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সুন্দরবনের ক্যানিং এলাকা থেকে ‘মা অজন্তা’ নামের ওই বোটটি কলকাতায় গিয়েছিল। কলকাতার অনুষ্ঠান শেষ করে ক্যানিংয়ের উদ্দেশ্যে ফিরছিল বোটটি। সোমবার সন্ধ্যার সময় বোটটি যখন নামখানার হাতানিয়া-দোয়ানিয়া নদী দিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় ঈশ্বরীপুরের কাছে উল্টোদিক থেকে আসা স্থানীয় একটি নৌকা আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ‘মা অজন্তা’-র গায়ে সজোরে ধাক্কা মারে। 

ধাক্কাটি এতটাই জোরালো ছিল যে, ওই লঞ্চটি ডুবে যায়। বেগতিক বুঝে বোটের মাঝিরা চিৎকার শুরু করলে নদীতে থাকা আশেপাশের অন্য কয়েকটি বোট ও মাছ ধরার নৌকা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। বোটটি ডুবে যাওয়ার আগেই অন্য বোটের কর্মীরা ‘মা অজন্তা’-র চালক ও অন্যান্য কর্মীদের উদ্ধার করতে সক্ষম হন। ফলে বড়সড় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।