কোথাও শিলাবৃষ্টি, কোথাও ঝড়ো হাওয়ার দাপট, রাজ্যজুড়ে আবহাওয়ার ‘খেলা’, অনেকটাই নামল পারদ

Mar 22, 2026 - 08:53
 17
কোথাও শিলাবৃষ্টি, কোথাও ঝড়ো হাওয়ার দাপট, রাজ্যজুড়ে আবহাওয়ার ‘খেলা’, অনেকটাই নামল পারদ

কলকাতা: চৈত্র মাসের মাঝেই হঠাৎ বদলে গেল আবহাওয়া। বসন্তের আবহে ফের দাপট দেখাতে শুরু করেছে বৃষ্টি। শুক্রবার রাতভর টানা বর্ষণে ভিজেছে শহর থেকে জেলা—শনিবার সকালেও ভেজা রাস্তা, ঠান্ডা হাওয়া আর মেঘলা আকাশে বদলে গেছে চেনা ছবিটা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দিনভর চলবে এই আবহাওয়ার ‘খেলা’।

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শনিবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ আশপাশের এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামতে পারে যেকোনও সময়। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

বিশেষ করে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, নদিয়া ও মুর্শিদাবাদ জেলার কিছু অংশে ঝড়ো হাওয়ার গতি ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

রবিবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর-সহ একাধিক জেলায় হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি।

ঝড়-বৃষ্টির প্রভাবে কলকাতার তাপমাত্রাও অনেকটাই নেমে গেছে। শুক্রবার যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস, সেখানে শনিবার তা কমে দাঁড়িয়েছে ১৯.২ ডিগ্রি—যা স্বাভাবিকের চেয়েও প্রায় ৪.৪ ডিগ্রি কম। আবহাওয়া দফতর জানিয়েছে, টানা কয়েকদিন তাপমাত্রা কম থাকার পর আবার ধীরে ধীরে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে পারদ।

অন্যদিকে উত্তরবঙ্গেও আবহাওয়া খুব একটা ভালো নয়। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার-এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

এছাড়া মালদা ও উত্তর দিনাজপুর-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বেশ কিছু জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। রবিবারও উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির দাপট বজায় থাকবে বলে পূর্বাভাস।

আবহাওয়াবিদদের মতে, একটি ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার যুগল প্রভাবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা বিস্তৃত হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত পৌঁছেছে। এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, ফলে রাজ্যজুড়ে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

এদিকে সমুদ্রও উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফে।

সব মিলিয়ে, বসন্তের মাঝেই ঝড়-বৃষ্টি, শিলাবৃষ্টি আর দমকা হাওয়ার দাপটে আপাতত স্বস্তি মিলেছে গরম থেকে, তবে অস্থির আবহাওয়া নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর।