'আমি ধর্ম প্রচারক, কাউকে ভয় পাই না’, ট্রাম্পের হুমকির পর বার্তা পোপ লিওর

Apr 14, 2026 - 16:12
 9
'আমি ধর্ম প্রচারক, কাউকে ভয় পাই না’, ট্রাম্পের হুমকির পর বার্তা পোপ লিওর

ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের হুঁশিয়ারির পালটা এবার মুখ খুললেন পোপ লিও চতুর্দশ। নিজের বক্তব্যে অনড় থেকে পালটা মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে তিনি জানালেন, তিনি ডোনাল্ড ট্রাম্প বা কাউকেই ভয় পান না। একইসঙ্গে তাঁর বক্তব্য, “আমি শুধুমাত্র শান্তির পক্ষে আবেদন জানিয়েছি। আলজেরিয়া যাওয়ার পথে সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পোপ বলেন “ডোনাল্ড ট্রাম্প যে ধরনের বক্তব্য পেশ করেছেন তা শুনে দুঃখ পেয়েছি। বিশ্বের প্রতি আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব মাথায় রেখে চার্চ সঠিক কাজই করবে। আমি কোনও বিতর্কে জড়াতে চাই না। আমার আবেদন শান্তির পক্ষে। ডোনাল্ড ট্রাম্প বা কোনও ব্যক্তিকে আক্রমণ করা আমার উদ্দেশ্য নয়। আমার বক্তব্য ছিল যে কোনও উপায়ে শান্তি প্রতিষ্ঠা হওয়া উচিত। যিশু খ্রিস্টের বার্তাও এটাই ছিল যে, বিশ্বে শুধুমাত্র শান্তি বিরাজ করবে।” পোপ আরও বলেন, “বিশ্বকে যিশুর বার্তা শোনাতে আমার কোনও দ্বিধা নেই। সেটি হল, একজোট হয়ে শান্তি ও আলোচনার পথে হাঁটা উচিত। যে কোনও উপায়ে আমাদের যুদ্ধ এড়ানোর জন্য সচেষ্ট থাকতে হবে।” তাঁর আরও বার্তা, “আমি আমার অবস্থানে অটল এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে আমি ভয় পাই না।” উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের নিন্দা করে, শান্তির পক্ষে বার্তা দিয়েছিলেন পোপ লিও চতুর্দশ। এর পালটা পোপের বিরুদ্ধে তেলে-বেগুনে জ্বলে ওঠেন ট্রাম্প। সোমবার এই বিষয়ে এক বিবৃতিতে ট্রাম্প বলেন, “পোপ লিও চতুর্দশ একদমই ভালো কাজ করছেন না। তিনি অপরাধ পছন্দ করেন। আমরা এমন পোপকে পছন্দ করি না যিনি ইরানের পারমাণবিক অস্ত্র রাখাকে সমর্থন করেন। আমি তাঁর ভক্ত নই। তিনি একজন উদারপন্থী মানুষ। একইসঙ্গে তিনি অপরাধপ্রেমী। অপরাধ দমনে বিশ্বাস করেন না।” তিনি আরও বলেন, “পোপ লিও চতুর্দশ মার্কিন প্রশাসনের সমলোচনা করেন। কিন্তু করোনার সময় ক্যাথলিক গির্জা এবং অন্যান্য খ্রিস্টান সংগঠনগুলি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিল, তা তিনি উল্লেখ করেন না।” এই বিবৃতির কিছুক্ষণ পরই মার্কিন প্রেসিডেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা নির্মিত নিজের একটি ছবি পোস্ট করেন। যেখানে তিনি নিজেকে যিশু খ্রিস্টের সঙ্গে তুলনা করেন। ছবিতে দেখা যায়, ট্রাম্পের পরনে রয়েছে সাদা আলখাল্লা। বাইবেলের বর্ণনা অনুযায়ী, যিশুর মতোই তিনি এক অসুস্থ ব্যক্তির মাথায় হাত দিয়েছে রয়েছেন।ছবিটি প্রকাশ্যে আসার পরই বিতর্ক তৈরি হয়েছে। এরপরই ট্রাম্পের পালটা মুখ খুললেন পোপ।