অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে আসানসোলে তৃণমূলের বিক্ষোভ
আসানসোল: সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর কথিত হামলার প্রতিবাদে আসানসোলে বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস।
রবিবার আসানসোলের কোর্ট মোড়ে মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভে উপস্থিত ছিলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক হরে রাম সিং-সহ দলের একাধিক নেতা ও কর্মী-সমর্থক।
বিক্ষোভ মঞ্চ থেকে তৃণমূল নেতৃত্ব সোনারপুরের ঘটনার তীব্র নিন্দা জানায়। তাঁদের অভিযোগ, একজন নির্বাচিত সাংসদের উপর এ ধরনের হামলা গণতান্ত্রিক পরিকাঠামো ও রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী।
তৃণমূল নেতারা দাবি করেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু কোনওভাবেই হিংসা বা হামলাকে সমর্থন করা যায় না। তাঁরা ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।
এই ঘটনাকে গণতান্ত্রিক মূল্যবোধ এবং জননিরাপত্তার প্রতি হুমকি বলে উল্লেখ করে তৃণমূল নেতৃত্ব রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার বার্তাও দেয়। বিক্ষোভকে কেন্দ্র করে কোর্ট মোড় এলাকায় কিছু সময়ের জন্য রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হলেও পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণে।