মালদায় কংগ্রেস ও মিমে বড় ভাঙন, তৃণমূলে যোগ একাধিক নেতা-কর্মীর

Apr 17, 2026 - 12:41
 14
মালদায় কংগ্রেস ও মিমে বড় ভাঙন, তৃণমূলে যোগ একাধিক নেতা-কর্মীর

মালদা:

আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যজুড়ে দলবদলের রাজনীতি আরও জোরদার হচ্ছে। সেই ধারাবাহিকতায় মালদায় কংগ্রেস ও মিমে বড়সড় ভাঙনের ছবি সামনে এল।

কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্য সহ একাধিক মিম কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।

মোথাবাড়ী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নজরুল ইসলাম এবং বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান-এর হাত ধরে আনুষ্ঠানিকভাবে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এদিন নবাগতরা তৃণমূলের পতাকা তুলে নেন এবং দলীয় নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।

দলত্যাগীদের দাবি, রাজ্যের উন্নয়নের ধারায় সামিল হতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর উন্নয়নমূলক কর্মসূচির উপর ভরসা রেখেই তারা তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানান।

রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে এই ধরনের যোগদান তৃণমূল কংগ্রেসের সংগঠনকে আরও মজবুত করছে। অন্যদিকে, বিভিন্ন দল থেকে কর্মী-সমর্থকদের এই যোগদান আগামী বিধানসভা নির্বাচনে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলেও মনে করা হচ্ছে।