বারুইপুর উত্তরভাগে নীলকণ্ঠ পূজা উপলক্ষে মহাপ্রসাদ, ভক্তদের ঢল
বারুইপুর :
ক্যানিং-বারুইপুর রোড সংলগ্ন উত্তরভাগ গুরমির চক এলাকায় ঐতিহ্যবাহী নীলকণ্ঠ শিব মন্দিরে সোমবার, ১৩ এপ্রিল, বাংলা ২৯ চৈত্র উপলক্ষে মহাসমারোহে পালিত হচ্ছে বার্ষিক বর্ষ উৎসব। প্রতি বছরের মতো এ বছরও দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠান ও বেদমন্ত্র পাঠের মধ্য দিয়ে মহাযজ্ঞের আয়োজন করেছে মন্দির কমিটি।
মন্দির সূত্রে জানা গিয়েছে, ভোরবেলা মঙ্গলারতি ও বিশেষ রুদ্রাভিষেকের মাধ্যমে উৎসবের সূচনা হয়। এরপর দিনভর চলে শিবপূজা, হোম-যজ্ঞসহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান। উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণ আলোকসজ্জা ও ফুল দিয়ে সেজে উঠেছে, যা ভক্তদের বিশেষভাবে আকর্ষণ করছে।
মন্দির কমিটির কর্ণধার তথা রাইমা গোষ্ঠীর সম্পাদক জয়ন্ত প্রধান ওরফে বাপি প্রধান জানান, প্রতিবছরের মতো এ বছরও এলাকার সকল ভক্ত ও সাধারণ মানুষকে উৎসবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বলেন, "সকলের সহযোগিতায়ই এই বর্ষ উৎসব সফলভাবে পালন করা সম্ভব হয়।"
কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসব উপলক্ষে ভক্তদের জন্য মহাপ্রসাদ বিতরণেরও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। দিনভর ভক্তদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে মন্দির চত্বরে।
মন্দির কমিটির আশা, বিপুল সংখ্যক ভক্তের সমাগমে এবারের বর্ষ উৎসবও সফলভাবে সম্পন্ন হবে।