প্রশাসনের অনুপস্থিতিতে ক্ষোভ জাতীয় উপজাতি কমিশনের, পুরুলিয়ার জনজাতি উন্নয়ন নিয়ে উঠল প্রশ্ন

Feb 26, 2026 - 17:58
 0
প্রশাসনের অনুপস্থিতিতে ক্ষোভ জাতীয় উপজাতি কমিশনের, পুরুলিয়ার জনজাতি উন্নয়ন নিয়ে উঠল প্রশ্ন

পুরুলিয়া জেলায় জনজাতি উন্নয়ন নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল জাতীয় তপশিলি উপজাতি কমিশন-এর প্রতিনিধিদল। বুধবার পুরুলিয়া জেলা পরিষদের সভাকক্ষে জেলা পুলিশ, প্রশাসন, বন দফতর এবং তপশিলি উপজাতির প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় প্রতিনিধিদল পুরুলিয়ার তপশিলি উপজাতি ও জনজাতি সম্প্রদায়ের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে ক্ষোভ প্রকাশ করেন। তবে গুরুত্বপূর্ণ এই বৈঠকে অনুপস্থিত ছিলেন জেলার জেলাশাসক, জেলা পুলিশ সুপার এবং বনবিভাগের শীর্ষ আধিকারিকরা। বিষয়টি নিয়ে কমিশনের পক্ষ থেকে অসন্তোষ জানানো হয়।

প্রতিনিধিদলের সদস্য আশা লাখড়া জানান, পুরুলিয়ার বিভিন্ন জনজাতি এলাকায় একাধিক সমস্যা দীর্ঘদিন ধরে জটিল আকার ধারণ করেছে। জমি দখলের অভিযোগ, শিক্ষার বেহাল অবস্থা, পানীয় জলের সঙ্কট, রাস্তার দুরবস্থা এবং আবাস যোজনার বাড়ি থেকে বঞ্চিত থাকার মতো একাধিক বিষয় বৈঠকে উঠে আসে।

তিনি স্পষ্ট করে বলেন, জনজাতি মানুষের উন্নয়নে গাফিলতি বরদাস্ত করা হবে না। বৈঠকে হওয়া আলোচনার ভিত্তিতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

কেন্দ্রীয় প্রতিনিধিদলের এই সফরের পর প্রশাসনিক স্তরে কী পদক্ষেপ নেওয়া হয়, এখন সেদিকেই নজর জেলাবাসীর।