মালদহের চাঁচোলে আগ্নেয়াস্ত্র ও জালনোট উদ্ধার, তিনজন গ্রেফতার
মালদহের চাঁচোলে আগ্নেয়াস্ত্র ও জালনোট উদ্ধার, তিনজন গ্রেফতার
মালদহ: রাজ্য বিধানসভা নির্বাচনের আগে ফের আগ্নেয়াস্ত্র ও জালনোট উদ্ধারে সাফল্য পেল মালদহ জেলা পুলিশ। চাঁচোল থানা এলাকায় দুটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ জালনোট ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। গ্রেফতার করা হয়েছে তিনজনকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে প্রথমে চাঁচোল থানার খানপাড়া এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে আব্দুল বারেক নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে উদ্ধার হয় প্রায় ৫ লক্ষ টাকার জালনোট। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে পাচারের উদ্দেশ্যে এই জালনোট মালদহে নিয়ে আসা হয়েছিল।
এরপর দ্বিতীয় অভিযানে গোলাম রাব্বানী ও মিজানুর রহমান নামে দুই অস্ত্র কারবারিকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। ধৃতদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে দাবি, বিহার থেকে আগ্নেয়াস্ত্রগুলি আনা হয়েছিল।
এই ঘটনায় বিস্তারিত জানাতে বুধবার সকালে সাংবাদিক বৈঠক করেন মালদহ জেলা পুলিশ-এর সুপার অভিজিৎ ব্যানার্জি। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এবং গোটা চক্রের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।