তাজপুরে সমুদ্রে স্নানে নেমে তলিয়ে মৃত্যু চিকিৎসক দম্পতির

Apr 3, 2026 - 15:04
 11
তাজপুরে সমুদ্রে স্নানে নেমে তলিয়ে মৃত্যু চিকিৎসক দম্পতির

পূর্ব মেদিনীপুর: তাজপুর সমুদ্র সৈকতে স্নান করতে নেমে মর্মান্তিক মৃত্যু হল এক চিকিৎসক দম্পতির। মৃতরা হলেন কুন্তল চক্রবর্তী (৩৫) ও শৈলজা ভরদ্বাজ (৩০)। তাঁদের বাড়ি উত্তর ২৪ পরগনার সোদপুরের ঘোলা থানার এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় সমুদ্রে নামার পর আচমকাই তলিয়ে যেতে থাকেন দুজন। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে নামে। বেশ কিছুক্ষণ পর তাঁদের সমুদ্র থেকে তুলে আনা হয়।

খবর পেয়ে মন্দারমনি কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং দ্রুত তাঁদের বালিসাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, মঙ্গলবারই স্বামী-স্ত্রী একটি প্রাইভেট গাড়িতে করে তাজপুরে বেড়াতে এসেছিলেন। হঠাৎ এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।