"চোর, তোলাবাজ, খুনি" পোস্টারে সরগরম উত্তর ব্যারাকপুর কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

May 27, 2026 - 14:47
 0
"চোর, তোলাবাজ, খুনি" পোস্টারে সরগরম উত্তর ব্যারাকপুর কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

উত্তর ব্যারাকপুর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য-এর বিরুদ্ধে এলাকাজুড়ে পড়ল একের পর এক বিস্ফোরক পোস্টার। কোথাও লেখা - "খুনি রবিন ভট্টাচার্যের শাস্তি চাই", আবার কোথাও অভিযোগ তোলা হয়েছে - "তোলাবাজ, চোর রবিন ভট্টাচার্য লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে, বেআইনি নির্মাণ করেছে। সেই টাকা ফেরত দিতে হবে, আইনি পদক্ষেপ নিতে হবে।"

এইসব পোস্টার ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে খবর, উত্তর ব্যারাকপুরের বিভিন্ন এলাকায় রাতের অন্ধকারে এই পোস্টার লাগানো হয়।

উল্লেখ্য, ৪ মে ভোটের ফল প্রকাশের দিন দল থেকে সাসপেন্ড থাকা রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে ফের দলে ফিরিয়ে নেন পার্থ ভৌমিক। তবে ভোটে শোচনীয় ফলাফলের পর তৃণমূলের একাধিক কাউন্সিলর গা ঢাকা দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

এই প্রসঙ্গে উত্তর ব্যারাকপুর পৌরসভার বিদায়ী চেয়ারম্যান মলয় ঘোষ বলেন,

"বিষয়টি আমার জানা নেই। রবীন্দ্রনাথ ভট্টাচার্য এখনও পর্যন্ত পদত্যাগ করেননি। বিষয়টি পুলিশ দেখবে, আইন আইনের মতো চলবে।"

অন্যদিকে, অর্জুন সিং দাবি করেন,

"কয়েকদিন আগে এক বয়স্ক ব্যক্তিকে মারধর করে বেআইনি নির্মাণের জন্য টাকা নেওয়া হয়েছে। যারা টাকা দিয়েছিলেন, তারা টাকা না পেয়ে পোস্টার লাগিয়েছেন। যেহেতু উনি আইনজীবী, তাই মানুষ বিশ্বাস করেছিল। এখন সেই মানুষরাই তাঁর বিরুদ্ধে পোস্টার দিচ্ছেন।"

ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তর ব্যারাকপুরের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। তবে পোস্টারের পিছনে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।