কাকদ্বীপে 'সুইপ' কর্মসূচিতে নির্বাচনী সচেতনতা, ছাত্রছাত্রীদের অংশগ্রহণে উৎসাহ
দক্ষিণ ২৪ পরগনার ১৩১ নম্বর কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শিশু শিক্ষায়তন স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হল 'সুইপ' (SVEEP) কর্মসূচি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে লোকগানের মাধ্যমে সহজ ভাষায় 'সি-ভিজিল' (cVigil) অ্যাপের ব্যবহার এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন প্রাথমিক তথ্য তুলে ধরা হয়। আকর্ষণীয় উপস্থাপনার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন দলে ভাগ করে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কিত জ্ঞান যাচাই করা হয়। সঠিক উত্তরদাতাদের হাতে পুরস্কার হিসেবে কলম তুলে দেওয়া হয়।
এই ধরনের উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বাড়বে বলেই মনে করছেন আয়োজকেরা।