‘আমি নির্দোষ, ফাঁসানো হয়েছে!’ রাজা রঘুবংশী খুনে সুপ্রিম কোর্টে দাবি স্ত্রী সোনমের

Jul 11, 2026 - 14:23
 4
‘আমি নির্দোষ, ফাঁসানো হয়েছে!’ রাজা রঘুবংশী খুনে সুপ্রিম কোর্টে দাবি স্ত্রী সোনমের

তিনি নির্দোষ। ইচ্ছাকৃত ভাবে ফাঁসানো হয়েছে তাঁকে। মেঘালয় সরকার যখন জামিনের বিরোধিতা করে, সুপ্রিম কোর্টে এমনই দাবি করেন সোনম রঘুবংশী।সুপ্রিম কোর্টে মেঘালয় সরকারের আর্জির বিরোধিতা করেন সোনমের আইনজীবী। আদালতে সোনম দাবি করেন, তাঁকে শুধু সন্দেহের ভিত্তিতে এই মামলায় মূল অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে। ঘটনার কোনও প্রমাণের ভিত্তিতে নয়। শুধুমাত্র অভিযোগকেই দোষী সাব্যস্ত করার প্রমাণ হিসাবে মান্যতা দেওয়া যায় না। তার পরই শীর্ষ আদালতের কাছে আর্জি জানান, তাঁর জামিনের বিষয়ে হস্তক্ষেপ যেন না করা হয়।সোনম আদালতে বলেন, ‘‘আমি নির্দোষ। আমাকে ফাঁসানো হয়েছে।’’ তার পরই তিনি দাবি করেন, মেঘালয় সরকার শুধু ধারণার ভিত্তিতেই এই মামলা সাজিয়েছে। তাদের হাতে পোক্ত কোনও প্রমাণ নেই যে, তিনিই রাজাকে খুন করেছেন। আদালতে এই কথাগুলি উল্লেখ করে হলফনামাও জমা দেন সোনম।গত বছর ২১ মে রাজা এবং সোনম মেঘালয়ে মধুচন্দ্রিমায় যান। ২৩ মে থেকে নিখোঁজ হয়ে যান দু’জনেই। যদিও সোনমের খোঁজ মেলে, কিন্তু রাজার কোনও হদিস পাওয়া যাচ্ছিল না। অবশেষে ২ জুন মেঘালয়ের একটি পাহাড়ি খাদ থেকে রাজার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। রাজাকে খুনের অভিযোগ ওঠে সোনম এবং তাঁর প্রেমিকের বিরুদ্ধে। এই মামলায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছিল। কয়েক জনকে জামিন দেওয়া হয় পরে। সোনমের জামিনও মঞ্জুর করে মেঘালয় হাই কোর্ট। কিন্তু সোনমকে জামিন দিলে তিনি তদন্তকে প্রভাবিত করতে পারেন, এই যুক্তিতে তাঁর জামিনের আবেদনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় মেঘালয় সরকার।