শ্রীলঙ্কার হারে টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় আরও ভাল জায়গায় শুভমনেরা
শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ় দ্বিতীয় টেস্ট ড্র হওয়ায় লাভবান হলেন শুভমন গিলেরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতের অবস্থান আরও ভাল হল। পর পর দু’টেস্টে পয়েন্ট নষ্ট করে পিছিয়ে পড়েছে শ্রীলঙ্কা।শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ় দ্বিতীয় টেস্টের প্রভাব পয়েন্ট তালিকায় প্রথম পাঁচটি দেশের উপর পড়েনি। আগের মতোই শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। আটটি টেস্টের পর প্যাট কামিন্সের দলের পয়েন্ট শতাংশ ৮৭.৫০। দ্বিতীয় স্থান ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা। চারটি টেস্ট খেলে টেম্বা বাভুমাদের পয়েন্ট শতাংশ ৭৫। তৃতীয় স্থানে উঠে এসেছে নিউ জ়িল্যান্ড। ছ’টি টেস্ট খেলে কিউয়িদের পয়েন্ট শতাংশ ৭২.২২। পয়েন্ট তালিকায় চার নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। চারটি টেস্ট খেলে নাজমুল হোসেন শান্তদের পয়েন্ট শতাংশ ৫৮.৩৩।আগের মতো পঞ্চম স্থানেই রয়েছে ভারত। তবে শ্রীলঙ্কা ড্র করায় ব্যবধান কিছুটা বেড়েছে। ন’টি টেস্ট খেলার পর শুভমনদের পয়েন্ট শতাংশ ৪৮.১৫। শ্রীলঙ্কা এখন রয়েছে ছ’নম্বরে। পয়েন্ট শতাংশ ৪১.৬৭। এই টেস্টের আগে তাদের পয়েন্ট শতাংশ ছিল ৪৪.৪৪। তালিকায় সাত নম্বরে রয়েছে ইংল্যান্ড। তাদের পয়েন্ট শতাংশ ২৪.৩৬। ১৩টি টেস্ট খেলা হয়ে গিয়েছে ইংল্যান্ডের।বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে শেষ দু’টি স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ় এবং পাকিস্তান। ন’টি টেস্টের পর ১৬.৬৭ পয়েন্ট শতাংশ নিয়ে অষ্টম স্থানে ক্যারিবিয়ানেরা। সব শেষে পাকিস্তান। চারটি টেস্টের পর শান মাসুদের দলের পয়েন্ট শতাংশ ৮.৩৩।