রাজ্য সড়কে দুই মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত চালক
চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর: রাজ্য সড়কে ফের দুর্ঘটনা। দুটি মারুতি ওম্নি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চাঞ্চল্য ছড়াল এলাকায়।
সোমবার সকাল প্রায় ১০টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ব্লকের শ্রীনগর-চন্দ্রকোণা রাজ্য সড়কের উপর এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দ্রুত গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ি একে অপরকে মুখোমুখি ধাক্কা মারে।
ধাক্কার জেরে একটি গাড়ি রাস্তার পাশের নয়ানজুলিতে পড়ে যায় এবং অন্য গাড়িটি ছিটকে গিয়ে পাশের একটি আমবাগানে উল্টে যায়। বিকট শব্দ ও আর্তনাদ শুনে আশপাশের মাঠে কাজ করা কৃষকেরা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান।
গাড়ি দুটি থেকে দুই চালককে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় রামজীবনপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।