ভোটার তালিকা থেকে নাম বাদ, মালদায় জাতীয় সড়ক অবরোধে বিক্ষোভ
মালদা: এসআইআর তালিকায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে পুরাতন মালদা ব্লকের নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ ভোটাররা।
বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুরু হওয়া এই পথ অবরোধ ঘিরে ক্রমেই উত্তেজনা ছড়ায় এলাকায়। রাস্তার উপরেই হাঁড়ি-কড়াই সাজিয়ে রান্নার ব্যবস্থা করে অবস্থান বিক্ষোভে সামিল হন স্থানীয়রা। তাঁদের দাবি, ভোটার তালিকায় নাম পুনরায় অন্তর্ভুক্ত না করা হলে এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
এদিন দুপুর গড়ালেও অবরোধের তীব্রতা কমেনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে বিক্ষোভ আরও জোরদার হয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করা হলেও তাঁরা কোনওভাবেই রাস্তা ছাড়তে রাজি হননি।
পরিস্থিতি সামাল দিতে এলাকায় মালদা জেলা পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে দীর্ঘ সময় পেরিয়েও অবরোধ না ওঠায় যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে পড়ে, যার জেরে সাধারণ মানুষকে ভোগান্তির মুখে পড়তে হয়।