বীরভূমের নলহাটিতে বিপুল বিস্ফোরক-সহ গ্রেপ্তার এক

Feb 15, 2026 - 07:28
 12
বীরভূমের নলহাটিতে বিপুল বিস্ফোরক-সহ গ্রেপ্তার এক

স্টাফ রিপোর্ট ার ঃ বঙ্গে ভোটের আবহে বড়সড় নাশকতার আশঙ্কা ঘিরে চাঞ্চল্য ছড়াল বীরভূম জেলায়। শনিবার রাতে নলহাটি এলাকায় একটি মোটরবাইক থেকে বস্তা বস্তা বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। কম্বলের আড়ালে লুকিয়ে রাখা ছিল বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট ও জিলেটিন স্টিক। আগেভাগেই সেই পাচার রুখে দিতে সক্ষম হন পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থল থেকেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তিকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, রামপুরহাট থেকে নলহাটির শিল্পাঞ্চল এলাকায় এই বিস্ফোরক পাচার করা হচ্ছিল। ঠিক কী উদ্দেশ্যে এবং কার নির্দেশে এত বিপুল পরিমাণ বিস্ফোরক আনা হচ্ছিল, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। ভোটের আগে এই ধরনের বিস্ফোরক উদ্ধার হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে চিন্তা বাড়ছে প্রশাসনের।

ঘটনার পরপরই এলাকায় তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। ধৃতের সঙ্গে আরও কেউ জড়িত কি না, কোথা থেকে বিস্ফোরক সংগ্রহ করা হয়েছিল এবং শেষ পর্যন্ত কোথায় তা পৌঁছনোর কথা ছিল—এই সব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ। নির্বাচনকে সামনে রেখে এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্তারা।