*জয়নগরের পর এবার কাকদ্বীপ; বিধায়ক মন্টুরাম পাখিরার বিরুদ্ধে ‘খুনি’ ও ‘বাঙাল বিরোধী’ পোস্টার, তুঙ্গে রাজনৈতিক তরজা*

Feb 13, 2026 - 09:57
 0
*জয়নগরের পর এবার কাকদ্বীপ; বিধায়ক মন্টুরাম পাখিরার বিরুদ্ধে ‘খুনি’ ও ‘বাঙাল বিরোধী’ পোস্টার, তুঙ্গে রাজনৈতিক তরজা*

নিজস্ব প্রতিনিধি, কাকদ্বীপ: দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের রেশ কাটতে না কাটতেই এবার পোস্টার বিতর্কে উত্তাল হয়ে উঠল কাকদ্বীপ। বৃহস্পতিবার সকাল থেকেই কাকদ্বীপ শহর ও সংলগ্ন একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার বিরুদ্ধে একাধিক পোস্টার লক্ষ্য করা যায়। বিধায়ককে ‘খুনি’, ‘বাঙাল বিরোধী’ এবং ‘এসআইআর ষড়যন্ত্রকারী’ হিসেবে দেগে দেওয়া এই পোস্টারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

এদিন সকালে পথচারীদের নজরে আসে কাকদ্বীপের বিভিন্ন মোড়ে সাঁটানো সাদা কাগজে কালো অক্ষরে লেখা কিছু পোস্টার। তাতে সরাসরি বিধায়ককে আক্রমণ করে লেখা হয়েছে যে, তিনি সাধারণ মানুষের ওপর এসআইআর চাপিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন। পাশাপাশি ‘বাঙাল বিরোধী’ তকমা দিয়ে জনমানসে তাঁর ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে। কে বা কারা এই পোস্টার লাগাল, তা নিয়ে এখনও কুয়াশা কাটেনি।

বিধায়কের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কাকদ্বীপ বিধানসভার তৃণমূল কো-অর্ডিনেটর শান্তনু বাপুলি। তিনি বলেন, “বিধায়ক মন্টুরাম পাখিরাকে কালিমালিপ্ত করার জন্য রাতের অন্ধকারে কিছু সমাজবিরোধী এবং বিজেপির লোক চক্রান্ত করে এই কাজ করেছে। দিনের আলোয় পোস্টার লাগানোর সাহস ওদের নেই। এই ঘটনার বিরুদ্ধে বিধায়ক নিজেই থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন।”

অন্যদিকে, এই ঘটনায় তৃণমূলের দিকেই আঙুল তুলেছে বিজেপি নেতৃত্ব। বিজেপির দাবি, এর সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। বরং এটি তৃণমূলের দীর্ঘদিনের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। তাদের মতে, দলের ভেতরের লোকজনই বিধায়কের ওপর ক্ষোভ উগরে দিতে এই পথ বেছে নিয়েছে।

বিধানসভা নির্বাচনের আগে মন্টুরাম পাখিরার মতো একজন বর্ষীয়ান নেতার বিরুদ্ধে এই ধরণের পোস্টার পড়া শাসক শিবিরের জন্য অস্বস্তিকর বলেই মনে করছে রাজনৈতিক মহল। পুলিশ ইতিমধ্যেই বেশ কিছু এলাকা থেকে পোস্টারগুলি সরিয়ে দিয়েছে এবং কারা এর নেপথ্যে রয়েছে তা খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে।