গাঁজা পাচারের ছক ভেস্তে দিল মথুরাপুর থানার পুলিশ

Feb 23, 2026 - 10:19
 10
গাঁজা পাচারের ছক ভেস্তে দিল মথুরাপুর থানার পুলিশ

সানওয়ার হোসেন, মথুরাপুর : দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন পুলিশ জেলার অন্তর্গত মথুরাপুর থানার পুলিশের জালে ধরা পড়ল এক বড়সড় মাদক পাচার চক্র। গোপন সূত্রে খবর পেয়ে মথুরাপুর স্টেশন সংলগ্ন রাজাপুর এলাকায় অতর্কিতে অভিযান চালিয়ে পুলিশ প্রায় ২৪ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

               পুলিশ সূত্রে জানা গিয়েছে, উড়িষ্যা থেকে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে এক মহিলা ও এক পুরুষ মথুরাপুর স্টেশনে এসে নামেন। তাঁদের উদ্দেশ্য ছিল মন্দিরবাজার এলাকার দুই ব্যক্তির কাছে ওই মাদক সরবরাহ করা। শনিবার সন্ধ্যায় তারা স্টেশন থেকে নেমে রাজাপুরের দিকে এগোতেই আগে থেকে ওঁত পেতে থাকা পুলিশের বিশেষ দল চারদিক থেকে ঘিরে ফেলে এবং হাতেনাতে পাকড়াও করে।

               ধৃতদের তল্লাশি চালিয়ে প্রায় ২৪ কেজি গাঁজার পাশাপাশি নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই চক্র দীর্ঘদিন ধরে ভিনরাজ্য থেকে মাদক এনে স্থানীয় এলাকায় ছড়িয়ে দিচ্ছিল। ধৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। রবিবার ধৃত চারজনকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হয়েছে।