খয়রাশোলে উত্তেজনা, কেন্দ্রীয় বাহিনীর উপর ইটবৃষ্টির অভিযোগ
বীরভূমের খয়রাশোল এলাকায় ভোটকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। বুথ নম্বর ৬৫, বুধপুর প্রাথমিক বিদ্যালয় এলাকায় হঠাৎই অশান্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোটিং মেশিন বিকল হয়ে পড়ায় দীর্ঘক্ষণ ভোটদান বন্ধ থাকে। এর জেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন ভোটাররা। অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ভোটারদের বচসা শুরু হয়, যা পরে ধস্তাধস্তিতে রূপ নেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনীর তরফে লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। এরপরই উত্তেজিত জনতা সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে ইট ছোঁড়ে বলে জানা গিয়েছে।
ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।