কাকদ্বীপে এআইডিএসও-র বিক্ষোভ, সেমিস্টার সিস্টেম বাতিলের দাবি

Mar 8, 2026 - 18:50
 22
কাকদ্বীপে এআইডিএসও-র বিক্ষোভ, সেমিস্টার সিস্টেম বাতিলের দাবি

রবীন্দ্রনাথ সামন্ত, কাকদ্বীপ :

শনিবার বিকেলে ছাত্র সংগঠন এআইডিএসও-র পক্ষ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে সেমিস্টার সিস্টেম বাতিল-সহ ছাত্রছাত্রী বিরোধী বিভিন্ন সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে কাকদ্বীপ সাংগঠনিক জেলা কমিটির উদ্যোগে একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির কোষাধ্যক্ষ কমরেড সুরজিৎ সামন্ত, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড ব্রতীন দাস, জেলা কমিটির যুগ্ম ইনচার্জ কমরেড শ্রীকৃষ্ণ দাস এবং কমরেড অনিমেষ সাঁই-সহ অন্যান্য নেতৃত্ব। বিক্ষোভ মঞ্চ থেকে বক্তারা অভিযোগ করেন, একাদশ-দ্বাদশ শ্রেণিতে সেমিস্টার সিস্টেম চালু করা ছাত্রছাত্রীদের উপর অযথা চাপ বাড়াচ্ছে। অবিলম্বে এই ব্যবস্থা বাতিলের দাবি তোলেন তাঁরা।

               এছাড়াও কাকদ্বীপ শহরের মধ্য দিয়ে প্রবাহিত কালনাগিনী নদীর দূষিত জল সংস্কার এবং প্রশাসনিক উদ্যোগ নেওয়ার দাবিও জানানো হয়। এই বিষয়ে বক্তব্য রাখেন এআইডিএসও-র কাকদ্বীপ সাংগঠনিক জেলার ইনচার্জ কমরেড অনিমেষ সাঁই। ছাত্র সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।