এনআরএসে সিসিইউ-তে ছাদের চাঙড় ভেঙে পড়ল, অল্পের জন্য রক্ষা ১২ রোগী

Apr 4, 2026 - 15:15
 15
এনআরএসে সিসিইউ-তে ছাদের চাঙড় ভেঙে পড়ল, অল্পের জন্য রক্ষা ১২ রোগী

কলকাতা: আর জি করের লিফটকাণ্ডের পর ফের প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা। এবার এনআরএস হাসপাতালে সিসিইউ-তে ছাদের চাঙড় ভেঙে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল।

জানা গিয়েছে, এনআরএস হাসপাতালের ইউএনবি বিল্ডিংয়ের ষষ্ঠ তলায় মেডিসিন বিভাগের সিসিইউ-তে এই ঘটনা ঘটে। হঠাৎই ছাদের একটি বড় অংশ ভেঙে পড়ে। এর ফলে সিসিইউ-র ছাদে বড়সড় ফাটল দেখা দেয় এবং পিলার ও দেওয়ালের মধ্যেও ফাঁক তৈরি হয়।

চাঙড় ভেঙে পড়ায় সিসিইউ-র মেঝেতেও ফাটল ধরে। তবে বড়সড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পান সেখানে চিকিৎসাধীন ১২ জন রোগী।

ঘটনার পরই দ্রুত রোগীদের অন্যত্র স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনাগ্রস্ত সিসিইউ-তে আপাতত নতুন করে রোগী ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এনআরএস কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য ও পূর্ত দপ্তরের মেরামতির কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ওই সিসিইউ-তে রোগী ভর্তি করা হবে না। ঘটনায় ফের একবার সরকারি হাসপাতালের পরিকাঠামো ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।