বন্যায় বিপর্যস্ত অসম, ক্ষতিগ্রস্ত সাত লক্ষ মানুষ, মৃতের সংখ্যা বেড়ে ৪৭

Jul 25, 2026 - 14:33
 7
বন্যায় বিপর্যস্ত অসম, ক্ষতিগ্রস্ত সাত লক্ষ মানুষ, মৃতের সংখ্যা বেড়ে ৪৭

অসমে বন্যা পরিস্থিতি আরও ভয়ানক রূপ নিয়েছে। প্লাবিত হয়েছে রাজ্যের ১১টি জেলা। রাজ্যের ‘ডিজাস্টার রিপোর্টিং অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’ (ডিআরআইএমএস) সূত্রে খবর, এখনও পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত ৭ লক্ষ ২১ হাজার মানুষ। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৭।ডিআরআইএমএস-এর তথ্য বলছে, কার্বি আংলং, গোলাঘাট, চরাইদেও, কামরূপ, শিবসাগর, যোরহাট, ডিব্রুগড়, নওগাঁও, ধেমাজি, হোজাই, কামরূপ (শহর) জলের নীচে। প্রায় ৯০০টি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে রয়েছে শিবসাগর। সেখানে ৩ লক্ষ ৯২ হাজার ১৯৫ জন বন্যাকবলিত। তার পরেই রয়েছে চরাইদেও (১,১০,৭৭৫), যোরহাট (৯৭,৬৯০) এবং ডিব্রুগড় (১৩,৩৯০)।বন্যার জলে ডুবে গিয়েছে কৃষিজমি। প্রশাসন সূত্রে খবর, প্রায় ২৫ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে। ৪৮৭টি ত্রাণশিবির খোলা হয়েছে। সেখানে ২৪ হাজার ১৪৮ জন মানুষ আশ্রয় নিয়েছেন। এ ছাড়াও ৩৮১টি ত্রাণ বণ্টন কেন্দ্র থেকে প্রায় ৩ লক্ষ মানুষকে সাহায্য করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জনের মৃত্যু হয়েছে। কয়েকশো গবাদি পশু ভেসে গিয়েছে। জলের তলায় চলে গিয়েছে পাঁচশোর বেশি মুরগির খামার। পাঁচটি বড় নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। পরিস্থিতি সামাল দিতে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে মোতায়েন করা হয়েছে। উদ্ধারকাজে নামানো হয়েছে বায়ুসেনার একটি হেলিকপ্টার। ৫৬টি নৌকা নামানো হয়েছে ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে।