উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে পাউরুটি নিয়ে প্রতিবাদ করায় দোকানদারের মারধর, আশঙ্কাজনক বিশ্ববিদ্যালয়ের ছাত্র
উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে পাউরুটি খারাপ হওয়ার প্রতিবাদ করতে গিয়ে দোকানদারের মারধরের শিকার হলেন বিবেকানন্দ ইউনিভার্সিটির দুই ছাত্র। গুরুতর জখম অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে এক ছাত্রের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
জানা গেছে, ব্যারাকপুরের বিবেকানন্দ ইউনিভার্সিটির রেডিওলজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মহঃ তালাত একটি দোকান থেকে পাউরুটি কিনতে যান। অভিযোগ, পাউরুটি খারাপ হওয়ায় তিনি সেটি ফেরত দিতে গেলে দোকানদার তমাল সিংহ রায় ও তাঁর দলবল প্রথমে তাঁকে হেনস্থা করে এবং পরে বেধড়ক মারধর করে।
এই ঘটনায় গুরুতর জখম হন মহঃ তালাত। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আইসিসিইউ-তে ভর্তি করা হয়েছে। মারধরের ঘটনায় আহত হন তালাতের ভাই মহঃ তারিক মন্ডলও।
ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে দুই ছাত্রের পরিবারে। ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।