SIR-এর চাপে গঙ্গায় ঝাঁপ বিএলও-র, অল্পের জন্য রক্ষা

Feb 21, 2026 - 20:27
 10
SIR-এর চাপে গঙ্গায় ঝাঁপ বিএলও-র, অল্পের জন্য রক্ষা

SIR-এর কাজের চাপ সামলাতে না পেরে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক বিএলও। ঘটনাটি ঘটেছে হুগলির শ্রীরামপুরে। আহত বিএলও-র নাম মহঃ কায়ামুদ্দিন, তিনি টিটাগড়ের বাসিন্দা এবং কাঁচরাপাড়ার একটি স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক।

শনিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ Serampore Ferry Ghat থেকে যাত্রীবোঝাই একটি লঞ্চ Barrackpore Ferry Ghat-এর উদ্দেশে রওনা দেয়। মাঝ গঙ্গায় পৌঁছতেই এক যাত্রী আচমকা লঞ্চ থেকে ঝাঁপ দেন। লঞ্চের কর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করেন। পরে জানা যায়, তিনি বিএলও হিসেবে SIR-এর দায়িত্বে ছিলেন।

মহঃ কায়ামুদ্দিনের দাবি, তাঁর বুথে ১২৪৫ জন ভোটার রয়েছেন এবং SIR-এর কাজের চাপ তিনি সামলাতে পারছিলেন না। ডিজিটালাইজেশনের ক্ষেত্রে নিজের অক্ষমতার কথাও তিনি কর্তৃপক্ষকে জানিয়েছিলেন বলে দাবি। ঘটনাস্থলে তাঁর ব্যাগ ও মোবাইল ফোন লঞ্চেই পড়ে ছিল।

উদ্ধারের পর খবর দেওয়া হয় Serampore Police Station-এ। পুলিশ এসে তাঁকে হাসপাতালে নিয়ে যায় এবং পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়।

ফেরিঘাটের কর্মী বাবলু জানান, হঠাৎই ওই যাত্রী গঙ্গায় ঝাঁপ দেন, দ্রুত উদ্ধার করা সম্ভব হওয়ায় বড় বিপদ এড়ানো গেছে।

এদিকে শ্রীরামপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা শহর তৃণমূল সভাপতি সন্তোষ কুমার সিং অভিযোগ করেন, তাড়াহুড়ো করে SIR করাতে গিয়ে সাধারণ মানুষ ও কর্মীদের মানসিক চাপে ফেলা হচ্ছে। তাঁর দাবি, এই ঘটনার দায় রাজনৈতিকভাবেও বর্তায় এবং বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে।