স্ট্রংরুম পরিদর্শনে জেলাশাসক, নিরাপত্তা নিয়ে মতভেদ বিজেপি-তৃণমূলের

Apr 27, 2026 - 14:56
 12
স্ট্রংরুম পরিদর্শনে জেলাশাসক, নিরাপত্তা নিয়ে মতভেদ বিজেপি-তৃণমূলের

হলদিয়া: প্রথম দফার ভোেট সম্পন্ন হওয়ার পর স্ট্রংরুমের নিরাপত্তা খতিয়ে দেখতে রবিবার বিকেলে পরিদর্শনে গেলেন জেলাশাসক নিরঞ্জন কুমার। হলদিয়া মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্র-হলদিয়া, নন্দীগ্রাম ও মহিষাদলের ভোটযন্ত্র সংরক্ষিত রয়েছে হলদিয়া গভর্নমেন্ট স্পনসরড সেকেন্ডারি হাই স্কুলে।

পরিদর্শনকালে স্ট্রংরুমের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন জেলাশাসক এবং বিভিন্ন রাজনৈতিক দলের উত্থাপিত অভিযোগও পর্যালোচনা করেন। তিনি জানান, নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই স্ট্রংরুমে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চলছে।

এদিকে নিরাপত্তা নিয়ে ভিন্ন সুর শোনা গেছে রাজনৈতিক মহলে। হলদিয়ার বিজেপি প্রার্থী প্রদীপ বিজলী জানান, "স্ট্রংরুমের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী থাকায় আমরা সন্তুষ্ট। তবে পাশেই তৃণমূলের কার্যালয়ের সামনে জমায়েত সরানোর জন্য জেলাশাসকের কাছে আবেদন করেছি।"

অন্যদিকে তৃণমূল নেতা অরুন দিন্দা অভিযোগ করে বলেন, "কেন্দ্রীয় বাহিনীর উপর আমাদের ভরসা নেই। তাই আমরা নিজেরাও নজরদারি রাখছি, যাতে কোনও অঘটন না ঘটে।"

উল্লেখ্য, আগামী ৪ মে ফল প্রকাশের দিনই নির্ধারিত হবে হলদিয়া, নন্দীগ্রাম ও মহিষাদল সহ রাজ্যের ২৯৪টি আসনের ভাগ্য। সেই দিনের অপেক্ষায় এখন রাজনৈতিক নেতা-কর্মী থেকে সাধারণ মানুষ সকলেই।