ভ্যাপসা গরমের মাঝেই স্বস্তির বার্তা, দক্ষিণবঙ্গে ৫-৯ এপ্রিল কালবৈশাখীর
দক্ষিণবঙ্গে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ার মধ্যে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় কালবৈশাখী-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।
রবিবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি শুরু হতে পারে। তবে ঝড়ের মূল দাপট দেখা যাবে মঙ্গলবার থেকে। কলকাতায় মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। এই সময় ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়াবিদদের মতে, বুধবার ও বৃহস্পতিবার ঝড়ের তীব্রতা সবচেয়ে বেশি থাকার সম্ভাবনা।
জেলার ক্ষেত্রে রবিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। সোমবার সেই তালিকায় যুক্ত হবে হুগলি ও পূর্ব বর্ধমান। মঙ্গলবার থেকে প্রায় গোটা দক্ষিণবঙ্গেই ঝড়বৃষ্টির দাপট বাড়বে।
বিশেষ করে বুধবার ও বৃহস্পতিবার হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে বলে পূর্বাভাস।
এছাড়াও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায়। মঙ্গলবার বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও বীরভূমে শিলাবৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারেও মঙ্গলবার ও বুধবার শিলাবৃষ্টির সতর্কতা জারি হয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া দফতরের মতে, উত্তর-পশ্চিম দিকের শুষ্ক হাওয়া এবং বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের মিলিত প্রভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে তীব্র গরমের মধ্যে কিছুটা স্বস্তি মিললেও ঝড়ের দাপট নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।