বৃষ্টিকে উপেক্ষা করে টোটো চালিয়ে ও পায়ে হেঁটে প্রচারে ঝড় তুললেন সোনামুখীর বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি

Apr 7, 2026 - 07:30
 0
বৃষ্টিকে উপেক্ষা করে টোটো চালিয়ে ও পায়ে হেঁটে প্রচারে ঝড় তুললেন সোনামুখীর বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া:

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে চলছে প্রচার। আগামী ২৩ এপ্রিল বাঁকুড়ায় ভোটগ্রহণের আগে শাসক ও বিরোধী-উভয় পক্ষই একে অপরকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এই আবহেই রবিবার বৃষ্টিকে উপেক্ষা করে সোনামুখী বিধানসভা কেন্দ্রে প্রচারে ঝড় তুললেন বিজেপির মনোনীত প্রার্থী দিবাকর ঘরামি।

রবিবাসরীয় প্রচারে তাঁকে দেখা গেল এক ভিন্ন ভূমিকায়-কখনো টোটো চালিয়ে, আবার কখনো পায়ে হেঁটে সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে। সোনামুখী ব্লকের ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের পলাশডাঙ্গা এলাকায় এদিন তাঁর এই ব্যতিক্রমী জনসংযোগ কর্মসূচি নজর কাড়ে স্থানীয়দের।

প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তৃণমূল নেতৃত্বকে কটাক্ষ করেন। বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়-কে আক্রমণ করে দিবাকর ঘরামি বলেন, "উনি এখানে সভা করতে আসেননি, বরং দামোদর নদীর বালির টাকা কীভাবে লুট করা যায়, সেই উদ্দেশ্যেই এসেছিলেন।"

এছাড়াও তিনি প্রতিশ্রুতি দেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে সোনামুখীতে বাইপাস রাস্তা ও একটি সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলা হবে, যা এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করবে।

সবমিলিয়ে, প্রতিকূল আবহাওয়াকেও উপেক্ষা করে দিবাকর ঘরামির এই প্রচার কর্মসূচি নির্বাচনের আগে এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলেছে।